বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

মৎস্য খাতে ক্ষতি ৪ কোটি ৬৫ লক্ষ টাকা: পশু খাদ্যে সংকট, পানিবন্দি হাজার হাজার পরিবার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি /এস আর প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫, ১১:৪৭ পিএম
মৎস্য খাতে ক্ষতি ৪ কোটি ৬৫ লক্ষ টাকা: পশু খাদ্যে সংকট, পানিবন্দি হাজার হাজার পরিবার
43

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ কেটে গেলেও এর প্রভাবে আজও পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। নিম্নচাপের সাথে অমাবস্যার জো’ যুক্ত হওয়ার ফলে অতি বর্ষণ ও অস্বাভাবিক জলোচ্ছ্বাসে মৎস্য ও কৃষি খাতে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। উপকূলের দু’এক জায়গায় নতুন করে রিং বেড়িবাঁধ ভেঙ্গে পড়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে ৬৪৮০ টি পরিবার। এছাড়া ৪৬০ টি কাঁচা পাকা ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, উপজেলা প্রশাসন সূত্রে এসব তথ্য জানা গেছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, অস্বাভাবিক জলোচ্ছ্বাস ও অতিবর্ষণে উপকূলের বেড়িবাঁধের বাইরের ১১৬৯টি পুকুর ও ৪৯০টি ঘেরের মাছ পানিতে ভেসে গেছে। এতে মৎস্য চাষীদের কার্প জাতীয় মাছ সহ চিংড়ি, কোড়াল, বাগদা চিংড়ি পানিতে ভেসে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ৬৫ লক্ষ টাকা। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আরাফাত হোসেন জানান, উপজেলার ৮০ হেক্টর রোপা আউশ বীজ তলার শতকরা সাত ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮০ হেক্টর রোপা আউশের শতকরা দুই ভাগ, ৫০ হেক্টর বোনা আউশের শতকরা চার ভাগ এবং ৩৭০ হেক্টর শাকসবজি ক্ষেতের শতকরা ৩৫ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষক যাতে দ্রুত এ ক্ষতি কাটিয়ে উঠতে পারে এজন্য কৃষককে সার্বক্ষণিক পরামর্শ ও কৃষি উপকরণ সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে। 

লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শওকত হোসেন তপন বিশ্বাস জানান, মুন্সিপাড়া রিং বেড়িবাঁধ ভেঙে ছোট ৫ নং, বড় পাঁচ নং, চর চান্দুপাড়া, চান্দুপাড়া, কলাউপাড়া হাসনাপাড়া মঞ্জুপাড়া গ্রাম দুই দিন ২-৩ ফুট পানিতে নিমজ্জিত ছিল। আজ কিছুটা পানি নেমে গেলেও অধিকাংশ পরিবারের রান্নার চুলা এখনো জ্বলেনি। এছাড়া বেড়িবাঁধের বাইরের মাঝের হাওলা, গোলবুনিয়া, চিংগুরিয়া, মেরাউপাড়া, মহল্লাপাড়া হাচনাপাড়া গ্রামের অবস্থা এখনও ভয়াবহ। 

উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক, এলজিইডি প্রকৌশলী মো. সাদিক জানান, বন বিভাগের গাছপালার তেমন ক্ষতি হয়নি। দু’চারটি গাছ উপড়ে পড়েছে। তবে তা রিপোর্ট করার মতো নয়। এবং এলজিইডি’র সড়ক গুলোর তেমন কোন ক্ষতি হয়নি। 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, কলাপাড়ায় তেমন ক্ষতি হয়নি, রাঙ্গাবালীতে ব্যাপক ক্ষতি হয়েছে। কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের দেবপুর ৫৪/বি পোল্ডারের দেড় কিলোমিটার বেরিবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয়রা বাঁধ নির্মাণের জন্য জায়গা না দেয়ায় এটি নির্মাণ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এছাড়া ধানখালী ইউনিয়নের একই পোল্ডারের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের চেষ্টা চলছে। 

কলাপাড়া দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মো. মোকছেদুল আলম বলেন, কলাপাড়ায় ৪৬০ টি ঘর আর শিক্ষক ক্ষতিগ্রস্ত হয়েছে পানিবন্দি হয়ে পড়েছে ৬৪৮০ টি পরিবার। গত দু’দিন উপজেলার দুর্গত এলাকা ঘুরে ১২০০ পরিবারকে ত্রান সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। কলাপাড়া ও কুয়াকাটা পৌরসভার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আরও বরাদ্দ দেয়া হয়েছে। যা পাওয়া মাত্রই বিতরণের উদ্যোগ নেয়া হবে।

কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, সমুদ্র উপকূলবর্তী এ উপজেলার মৎস্য, কৃষি খাতে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দুর্গত মানুষের মধ্যে ইতিমধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। কলাপাড়া পৌরসভার দুর্গত মানুষের জন্য আরও ৫ মে. টন চাল ও কুয়াকাটা পৌরসভার দুর্গত মানুষের জন্য ৪ মে. টন চাল বরাদ্দ পাওয়া গেছে। যা আজ কালের মধ্যে বিতরণ করা হবে। ইউএনও আরও বলেন, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জিআর চাল ও জিআর নগদ অর্থ বরাদ্দের চাহিদা পাঠিয়েছি। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকার দুর্গত মানুষের মধ্যে বিতরণ করা হবে। 

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এম
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম
সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেবায় দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সন্তুষ্টি। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজী নজরুল ইসলাম সেবাগ্রহীতাদের যথাসময়ে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সেবাগ্রহীতাদের অভিযোগ ছিল— আগে দলিল নিবন্ধন, খতিয়ান যাচাই বা জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে অযথা দেরি হতো। কিন্তু বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তিনি অফিসে নিয়মিত উপস্থিত থেকে নিজে তদারকি করছেন প্রতিটি কাজ।
একজন সেবাগ্রহীতা রিফাত হোসেন বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রেশনে অনেক সময় লেগে যেত। এখন খুব দ্রুত ও ঝামেলাহীনভাবে কাজ শেষ হচ্ছে। কর্মকর্তা নিজে আমাদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করে দেন।”

নতুন অফিস ও দ্রুত সেবা কার্যক্রম:

বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরে কলাপাড়ায় চালু হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন অফিস। এখানে সহজ ও দ্রুত পদ্ধতিতে দলিল যাচাই, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন আগের তুলনায় দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা পাচ্ছেন।

একজন সেবাগ্রহীতা বলেন, “নতুন অফিসে এসে বুঝতে পারছি কাজ কতটা সহজ হয়েছে, সিস্টেমে দ্রুত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঝামেলা নেই।”

অন্য একজন জানান, “আগে দিনকে দিন ঘুরতে হতো। এখন একদিনেই কাজ শেষ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব সবসময় আমাদের কথা শুনেন এবং সাহায্য করেন।”
অন্য একজন প্রবীণ নাগরিক ফুয়াদ হাসান জানান, “আমরা যে সেবা পাওয়ার কথা, তা এখন সহজে পাচ্ছি। সাব-রেজিস্ট্রার সাহেবের ব্যবহারও অত্যন্ত ভদ্র ও আন্তরিক।”
স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম শুধু সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করেননি, বরং সরকারি সেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়াচ্ছেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:২০ পিএম
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক মানবজমিনের শিহাব আল নাসিম।

শুক্রবার (২৭ জুন) বাকসাস’র উপদেষ্টা পরিষদ এই কমিটি চূড়ান্ত অনুমোদন করে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী হাসান তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের কাগজের জিসান আহমেদ কাব্য, সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বরের এস এম মঈন এবং অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগ্রাম প্রতিদিনের আরমানুজ্জামান সৈকত।

এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের কাজী আল তাজরীমিন, মানবতার কণ্ঠের রাসেল রানা ও দৈনিক সংগ্রাম প্রতিদিনের শান্তা আক্তার।

আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক সভাপতি এবং এখন টেলিভিশনের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর মো. নাজমুল হোসেন এবং বাকসাস’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল।