রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

আবার বাড়ছে স্বর্ণের দাম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ১:৩৭ পিএম
আবার বাড়ছে স্বর্ণের দাম
441

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর স্বর্ণের প্রতি আগ্রহ কিছুটা কমেছে। এতে বিশ্ববাজারে কমেছিল স্বর্ণের দাম। তবে ডলারের দাম কমতে শুরু করায় বিশ্ববাজারে আবার বাড়ছে মূল্যবান এ ধাতুটির দাম। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৬ জুন) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৪৭ দশমিক ৩৯ ডলারে। আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ। বেচাকেনা হচ্ছে ৩ হাজার ৩৬০ দশমিক ৯০ ডলারে।

মূলত মার্কিন ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে ডলারের দরপতন হয়েছে, আর সেই সুযোগে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। বিনিয়োগকারীরা এখন নজর রাখছেন আসন্ন মূল্যস্ফীতি সংক্রান্ত তথ্যের দিকে, যা থেকে ফেডের পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে ইঙ্গিত মিলতে পারে।

এর আগে গতকাল বুধবার (২৫ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল পাল্টাপাল্টি বক্তব্য দেন।

পাওয়েল বলেন, ট্রাম্পের শুল্কনীতি মুদ্রাস্ফীতিকে দীর্ঘস্থায়ী করতে পারে, তাই সুদের হার কমানোর ক্ষেত্রে ফেডকে আরও সতর্ক হতে হবে। আর ট্রাম্প পাওয়েলকে ‘ভয়ংকর’ বলে আখ্যা দেন। ফেডের শীর্ষ পদে বসানোর জন্য তার হাতে তিন থেকে চারজন বিকল্প রয়েছে বলে জানান।

নেমোডটমানির প্রধান বাজার বিশ্লেষক হান ট্যান বলেন, ‘সুদের হার কমানোর বিষয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত স্বর্ণের দাম ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ ডলারের মধ্যেই ঘোরাফেরা করবে।’

এদিকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধির তথ্য প্রকাশের পর আগামীকাল শুক্রবার (২৭ জুন) আসবে ব্যক্তিগত ব্যয় বা পিসিই প্রতিবেদন। ফেড এই পিসিই তথ্যকেই মুদ্রাস্ফীতির অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে দেখে।

হান ট্যান বলেন, ‘যদি পিসিই প্রত্যাশার চেয়ে কম আসে, তাহলে স্বর্ণের দাম ২১ দিনের চলমান গড়ের ওপরে উঠে আবার ৩ হাজার ৪০০ ডলারের কাছাকাছি যেতে পারে।’

স্বর্ণকে সাধারণত অর্থনৈতিক অনিশ্চয়তা ও মূল্যস্ফীতির সময় নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে দেখা হয়। তবে সুদের হার বেশি থাকলে এর প্রতি আকর্ষণ কমে যায়, কারণ স্বর্ণে কোনো সুদ বা আয় নেই।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামেও বড় উত্থান দেখা গেছে। প্যালাডিয়ামের দাম ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ১০৩ দশমিক ৭০ ডলার, যা ২০২৪ সালের পর সর্বোচ্চ। প্ল্যাটিনামের দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪০২ দশমিক ৫৭ ডলারে, যা ২০১৪ সালের পর সর্বোচ্চ।

উইজডমট্রির পণ্য কৌশলবিদ নীতেশ শাহ মনে করেন, ‘জ্বালানি ব্যবস্থায় ধীরে ধীরে পরিবর্তন এলেও অভ্যন্তরীণ দহন ইঞ্জিনচালিত গাড়ির ব্যবহার এখনো ব্যাপক। এই গাড়িগুলো প্ল্যাটিনাম গ্রুপের ধাতুর ওপর অনেকটাই নির্ভরশীল। নতুন খনি থেকে সরবরাহ বাড়ছে না, আর ভূ-রাজনৈতিক নানা বাধায় বিদ্যমান সরবরাহও ব্যাহত হচ্ছে।’

এ ছাড়া স্পট সিলভারের দামও বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৪৯ ডলারে।

বাজার-সংশ্লিষ্টরা বলছেন, ডলারের দুর্বলতা, ফেডের নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা এবং আসন্ন অর্থনৈতিক তথ্যের অপেক্ষায় বিনিয়োগকারীরা আবারও স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতুর দিকে ঝুঁকছেন।

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এম
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম
সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেবায় দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সন্তুষ্টি। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজী নজরুল ইসলাম সেবাগ্রহীতাদের যথাসময়ে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সেবাগ্রহীতাদের অভিযোগ ছিল— আগে দলিল নিবন্ধন, খতিয়ান যাচাই বা জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে অযথা দেরি হতো। কিন্তু বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তিনি অফিসে নিয়মিত উপস্থিত থেকে নিজে তদারকি করছেন প্রতিটি কাজ।
একজন সেবাগ্রহীতা রিফাত হোসেন বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রেশনে অনেক সময় লেগে যেত। এখন খুব দ্রুত ও ঝামেলাহীনভাবে কাজ শেষ হচ্ছে। কর্মকর্তা নিজে আমাদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করে দেন।”

নতুন অফিস ও দ্রুত সেবা কার্যক্রম:

বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরে কলাপাড়ায় চালু হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন অফিস। এখানে সহজ ও দ্রুত পদ্ধতিতে দলিল যাচাই, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন আগের তুলনায় দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা পাচ্ছেন।

একজন সেবাগ্রহীতা বলেন, “নতুন অফিসে এসে বুঝতে পারছি কাজ কতটা সহজ হয়েছে, সিস্টেমে দ্রুত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঝামেলা নেই।”

অন্য একজন জানান, “আগে দিনকে দিন ঘুরতে হতো। এখন একদিনেই কাজ শেষ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব সবসময় আমাদের কথা শুনেন এবং সাহায্য করেন।”
অন্য একজন প্রবীণ নাগরিক ফুয়াদ হাসান জানান, “আমরা যে সেবা পাওয়ার কথা, তা এখন সহজে পাচ্ছি। সাব-রেজিস্ট্রার সাহেবের ব্যবহারও অত্যন্ত ভদ্র ও আন্তরিক।”
স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম শুধু সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করেননি, বরং সরকারি সেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়াচ্ছেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:২০ পিএম
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক মানবজমিনের শিহাব আল নাসিম।

শুক্রবার (২৭ জুন) বাকসাস’র উপদেষ্টা পরিষদ এই কমিটি চূড়ান্ত অনুমোদন করে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী হাসান তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের কাগজের জিসান আহমেদ কাব্য, সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বরের এস এম মঈন এবং অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগ্রাম প্রতিদিনের আরমানুজ্জামান সৈকত।

এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের কাজী আল তাজরীমিন, মানবতার কণ্ঠের রাসেল রানা ও দৈনিক সংগ্রাম প্রতিদিনের শান্তা আক্তার।

আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক সভাপতি এবং এখন টেলিভিশনের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর মো. নাজমুল হোসেন এবং বাকসাস’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল।