শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রধান উপদেষ্টার জাপান সফরসূচিতে যা যা থাকছে

ডেস্ক নিউজ, বাংলাদেশ সংলাপ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৯:২৭ এম
প্রধান উপদেষ্টার জাপান সফরসূচিতে যা যা থাকছে
44

সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব প্রধান উপদেষ্টার সরকারি সফরসূচি ও ফোরামে অংশগ্রহণ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি জানান, প্রধান উপদেষ্টা ২৭ মে দিনগত রাত ২টা ১০ মিনিটে ক্যাথে প্যাসিফিকের এক ফ্লাইটে হংকং হয়ে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তিনি ২৮ মে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তাকে স্বাগত জানাবেন জাপান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

আগামী ২৮ থেকে ৩১ মে জাপানের টোকিওতে অনুষ্ঠেয় ৩০তম নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়া-তে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজ
২৮ মে বিকেল ৫টায় জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের সভাপতি টারো আসো অধ্যাপক ইউনূসের সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে নিপ্পন ফাউন্ডেশনের সভাপতি ইয়োহেই সাসাকাওয়া আয়োজিত একটি নৈশভোজে অংশগ্রহণ করবেন তিনি। যেখানে জাপানের রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত থাকবেন। নৈশভোজ শেষে জাপানের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক বৈঠকে অংশ নেবেন।

মূল বক্তৃতা ও মিডিয়া সাক্ষাৎকার
পরদিন ২৯ মে সকাল ৯টায় ৩০তম নিক্কেই ফোরামের উদ্বোধনী প্লেনারি সেশনে ‘এশিয়ার চ্যালেঞ্জ ইন অ্যা টার্বুলেন্ট ওয়ার্ল্ড’ শীর্ষক মূল বক্তব্য প্রদান করবেন অধ্যাপক ইউনূস। ফোরামে বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও নীতিনির্ধারকরা অংশগ্রহণ করবেন।

এদিন প্রধান উপদেষ্টা নিক্কেই, আসাহি টিভি ও নিপ্পন টিভিকে একান্ত সাক্ষাৎকার দেবেন। যেখানে বাংলাদেশ-জাপান সম্পর্ক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

দুপুরে টোকিওর বাংলাদেশ দূতাবাস আয়োজিত মানবসম্পদ উন্নয়ন সেমিনারে অংশ নেবেন। যেখানে জাপানে দক্ষ কর্মী প্রেরণের ভবিষ্যৎ রূপরেখা উপস্থাপন করা হবে। এরপর বিকেলে জাইকার সভাপতি ড. তানাকা আকি হিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় আসাহি সিম্বান ও এনএইচকেকে সাক্ষাৎকার দেবেন। এছাড়া নিক্কেই আয়োজিত বক্তাদের সম্মানে নৈশভোজে অংশগ্রহণ করবেন।

দ্বিপাক্ষিক বৈঠক ও ব্যবসায়িক অনুষ্ঠান
৩০ মে সকালে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে জাপানি প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আগে প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হবে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, মানবসম্পদ উন্নয়ন, রোহিঙ্গা ইস্যু ও কৌশলগত অংশীদারত্ব বিষয়ে আলোচনা হবে। এরপর তিনি ইউমিউরি সিম্বান ও জেটরো সভাপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন।

বিকেলে বাংলাদেশ বিজনেস সেমিনারে অংশ নিয়ে জাপানি ও বাংলাদেশি তরুণ উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া পোকা ইউনিভার্সিটি অব জাপান তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে, যেখানে তিনি বক্তব্য রাখবেন।

এদিন সন্ধ্যায় তিনি বাংলাদেশ দূতাবাস আয়োজিত কমিউনিটি ইভেন্টে অংশ নেবেন এবং জাপান প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন। রাতে তিনি রাষ্ট্রদূত আয়োজিত নৈশভোজে অংশ নেবেন। এতে জাপান সরকারের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সফর শেষে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৩১ মে সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। এদিন রাতেই ঢাকায় অবতরণ করবেন তিনি।

সম্ভাব্য চুক্তি ও স্মারক
এই সফরকালে বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তিগত সহযোগিতা, বাজেট সহায়তা এবং জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথ ডুয়ালগেজ ডাবল লাইনে উন্নীতকরণ সংক্রান্ত একাধিক সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া ‘এক্সচেঞ্জ অব নোটস’ বিষয়ক সমঝোতা সই হতে পারে বলে আশা করা হচ্ছে।

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এম
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম
সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেবায় দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সন্তুষ্টি। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজী নজরুল ইসলাম সেবাগ্রহীতাদের যথাসময়ে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সেবাগ্রহীতাদের অভিযোগ ছিল— আগে দলিল নিবন্ধন, খতিয়ান যাচাই বা জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে অযথা দেরি হতো। কিন্তু বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তিনি অফিসে নিয়মিত উপস্থিত থেকে নিজে তদারকি করছেন প্রতিটি কাজ।
একজন সেবাগ্রহীতা রিফাত হোসেন বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রেশনে অনেক সময় লেগে যেত। এখন খুব দ্রুত ও ঝামেলাহীনভাবে কাজ শেষ হচ্ছে। কর্মকর্তা নিজে আমাদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করে দেন।”

নতুন অফিস ও দ্রুত সেবা কার্যক্রম:

বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরে কলাপাড়ায় চালু হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন অফিস। এখানে সহজ ও দ্রুত পদ্ধতিতে দলিল যাচাই, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন আগের তুলনায় দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা পাচ্ছেন।

একজন সেবাগ্রহীতা বলেন, “নতুন অফিসে এসে বুঝতে পারছি কাজ কতটা সহজ হয়েছে, সিস্টেমে দ্রুত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঝামেলা নেই।”

অন্য একজন জানান, “আগে দিনকে দিন ঘুরতে হতো। এখন একদিনেই কাজ শেষ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব সবসময় আমাদের কথা শুনেন এবং সাহায্য করেন।”
অন্য একজন প্রবীণ নাগরিক ফুয়াদ হাসান জানান, “আমরা যে সেবা পাওয়ার কথা, তা এখন সহজে পাচ্ছি। সাব-রেজিস্ট্রার সাহেবের ব্যবহারও অত্যন্ত ভদ্র ও আন্তরিক।”
স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম শুধু সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করেননি, বরং সরকারি সেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়াচ্ছেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:২০ পিএম
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক মানবজমিনের শিহাব আল নাসিম।

শুক্রবার (২৭ জুন) বাকসাস’র উপদেষ্টা পরিষদ এই কমিটি চূড়ান্ত অনুমোদন করে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী হাসান তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের কাগজের জিসান আহমেদ কাব্য, সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বরের এস এম মঈন এবং অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগ্রাম প্রতিদিনের আরমানুজ্জামান সৈকত।

এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের কাজী আল তাজরীমিন, মানবতার কণ্ঠের রাসেল রানা ও দৈনিক সংগ্রাম প্রতিদিনের শান্তা আক্তার।

আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক সভাপতি এবং এখন টেলিভিশনের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর মো. নাজমুল হোসেন এবং বাকসাস’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল।