বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

ঝালকাঠিতে বেড়িবাঁধ রক্ষার পাইলিংয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ৮:৩৪ পিএম
ঝালকাঠিতে বেড়িবাঁধ রক্ষার পাইলিংয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
51

বিষখালী নদী তীরবর্তী ঝালকাঠির কাঁঠালিয়ায় বেড়িবাঁধ রক্ষার পাইলিংয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসী বলছে, বেলে মাটির ধসেপড়া বেড়িবাঁধ রক্ষায় পাইলিংয়ে ব্যবহৃত হচ্ছে পুরাতন গাছ ও শুকনো চিকন বাঁশ। তাও আবার এলোমেলো বসিয়ে পাইলিং করা হচ্ছে। এনিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের ম্যানেজ করেই নিম্নমানের সামগ্রী দিয়ে বেড়িবাঁধ ও পাইলিংয়ের কাজ করাচ্ছে। এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছেন।

তথ্যানুসন্ধানে জানাগেছে, কাঁঠালিয়া উপজেলার বিষখালী নদী তীরবর্তী লঞ্চঘাট এলাকায় বেলে মাটি দিয়ে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। সম্প্রতি উপকূলীয় এলাকায় বয়ে যাওয়া ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে সেই বালু মাটির বাঁধে ধস দেখা দিয়েছে। সেই ধস ঠেকাতে জরুরি মেরামত প্রকল্পে বেড়িবাঁধের প্রাক্কলন তৈরি করে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ড। বরিশালের জনৈক কালাম হোসেন নামে এক ব্যক্তিকে এ কাজের ঠিকাদারী দেয়া হয়। 

বালু মাটির বাঁধ দুপাশেই ধসে পড়ছে। নদী তীরবর্তী পাড়ে ধসেপড়া বেড়িবাঁধ রক্ষায় উদ্যোগ না নিয়ে ভিতরের দিকে পাইলিং বসানোর কাজ শুরু করে। বেড়িবাঁধ থেকে অন্তত ৩ ফুট দূরে এ পাইলিং দেয়া হচ্ছে। পাইলিংয়ের খুঁটি হিসেবে পুরাতন গাছ, শুকনো ও চিকন বাঁশ এলোমেলোভাবে বসানো হয়েছে। 

খুঁটি বসানোর কাজ প্রায় শেষ। খুঁটির সঙ্গে দেয়া হয়েছে মরিচা ধরা ড্রামশিট। ধারণা করা হচ্ছে, কয়েক লাখ টাকা প্রাক্কলিত মূল্যে এ কাজ করানো হচ্ছে। সরকারি নির্দেশনায় টেকসই মানের কাজের নির্দেশ থাকলেও দায়সারাভাবে এ কাজ করা হচ্ছে। এতে সরকারি লাখ লাখ টাকা খরচের মূল উদ্দেশ্য ব্যাহত হবার আশঙ্কা করা হচ্ছে।

কাঠালিয়া লঞ্চঘাট এলাকার নদীর তীরবর্তী বাসিন্দা নাসির উদ্দিন, মাসুদুর রহমানসহ বেশ কয়েকজনে জানান, ভেকু মেশিন দিয়ে নদীর চরের বেলে মাটি কেটে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। যাতে পানির ঢেউ লাগলেই গলে গলে পড়ছে। একারণে বেড়িবাঁধ স্থায়ী হচ্ছে না। বন্যা কিংবা জলোচ্ছ্বাস দেখা দিলেই বেড়িবাঁধে ধস দেখা যায়। জরুরি ভিত্তিতে বেড়িবাঁধের ধস ঠেকাতে পাইলিংয়ের ব্যবস্থা করা হয়। সেই পাইলিংয়ে রয়েছে শুভঙ্করের ফাঁকি। পুরানো গাছ, শুকনো ও চিকন বাঁশ এবং মরিচা ধরা ড্রামশিট ব্যবহার করা হচ্ছে। যা একবছরও টিকবে না বলেও অভিমত জানান তারা। 

এব্যাপারে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী শাহরিয়ার তানভীর বলেন, ‘ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে পানি বেড়ে যাওয়ায় বেড়িবাঁধে ধস দেখা দেয়। বেড়িবাঁধ রক্ষার্থে জরুরি সংস্কার প্রকল্পে ডিজাইন ও পরিকল্পনা করে প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করে পাইলিংয়ের কাজ শুরু করানো হয়। কাজ এখনও চলমান রয়েছে, জিও ব্যাগ ফেলাসহ আরও অনেক কাজ বাকি আছে। কাজের শেষে মূল্যায়ন কমিটি পরিদর্শন করে মতামত দিলে সেভাবেই বিল পাস করা হবে। তবে কাজের দৈর্ঘ্য এবং বরাদ্দের বিষয়টি জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

এবিষয়ে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী একেএম নিলয় পাশা বলেন, ‘কাঠালিয়া লঞ্চঘাট এলাকায় বেড়িবাঁধে ধস দেখা দিলে আমরা জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য কার্যাদেশ দেই। পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। এখনও অনেক কাজ বাকি আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই প্রকল্পে আছেন। তিনি জিও ব্যাগ তৈরির পরে তা গণনা করবেন। কাজের মান যাচাই করবেন। তার দেয়া মন্তব্যের ভিত্তিতে বিল প্রদান করা হবে।’ 

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ এম
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম
সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সেবায় খুশি কলাপাড়ার সেবাগ্রহীতাগণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেবায় দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সন্তুষ্টি। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজী নজরুল ইসলাম সেবাগ্রহীতাদের যথাসময়ে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সেবাগ্রহীতাদের অভিযোগ ছিল— আগে দলিল নিবন্ধন, খতিয়ান যাচাই বা জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রে অযথা দেরি হতো। কিন্তু বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর থেকে সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তিনি অফিসে নিয়মিত উপস্থিত থেকে নিজে তদারকি করছেন প্রতিটি কাজ।
একজন সেবাগ্রহীতা রিফাত হোসেন বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রেশনে অনেক সময় লেগে যেত। এখন খুব দ্রুত ও ঝামেলাহীনভাবে কাজ শেষ হচ্ছে। কর্মকর্তা নিজে আমাদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করে দেন।”

নতুন অফিস ও দ্রুত সেবা কার্যক্রম:

বর্তমান সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরে কলাপাড়ায় চালু হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন নতুন অফিস। এখানে সহজ ও দ্রুত পদ্ধতিতে দলিল যাচাই, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ এখন আগের তুলনায় দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা পাচ্ছেন।

একজন সেবাগ্রহীতা বলেন, “নতুন অফিসে এসে বুঝতে পারছি কাজ কতটা সহজ হয়েছে, সিস্টেমে দ্রুত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঝামেলা নেই।”

অন্য একজন জানান, “আগে দিনকে দিন ঘুরতে হতো। এখন একদিনেই কাজ শেষ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব সবসময় আমাদের কথা শুনেন এবং সাহায্য করেন।”
অন্য একজন প্রবীণ নাগরিক ফুয়াদ হাসান জানান, “আমরা যে সেবা পাওয়ার কথা, তা এখন সহজে পাচ্ছি। সাব-রেজিস্ট্রার সাহেবের ব্যবহারও অত্যন্ত ভদ্র ও আন্তরিক।”
স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম শুধু সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করেননি, বরং সরকারি সেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়াচ্ছেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:২০ পিএম
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও সাধারণ সম্পাদক মানবজমিনের শিহাব আল নাসিম।

শুক্রবার (২৭ জুন) বাকসাস’র উপদেষ্টা পরিষদ এই কমিটি চূড়ান্ত অনুমোদন করে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী হাসান তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের কাগজের জিসান আহমেদ কাব্য, সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বরের এস এম মঈন এবং অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগ্রাম প্রতিদিনের আরমানুজ্জামান সৈকত।

এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের কাজী আল তাজরীমিন, মানবতার কণ্ঠের রাসেল রানা ও দৈনিক সংগ্রাম প্রতিদিনের শান্তা আক্তার।

আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক সভাপতি এবং এখন টেলিভিশনের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর মো. নাজমুল হোসেন এবং বাকসাস’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক (অনুসন্ধান) জাফর ইকবাল।