ঢাকা থেকে যাচ্ছেন ইউরোপ, যুক্তরাজ্য কিংবা কানাডা। মাঝপথে যদি ইস্তাম্বুল শহর ঘুরে দেখা যায় তাহলে কেমন হবে? ভ্রমণ পিপাসুদের জন্য তুরস্কের ইস্তাম্বুল ঘুরে দেখার সুযোগ করে দিচ্ছে টার্কিশ এয়ারলাইনস। যেকোনও গন্তব্যে যাওয়ার পথে ইস্তাম্বুলে স্টপওভার প্রোগ্রামের আওতায় ইস্তাম্বুল ঘোরার সুযোগ পাবেন যাত্রীরা। বাংলাদেশি যাত্রীরা ৫২টি দেশে যাওয়ার সময় ইস্তাম্বুলে এই স্টপওভার সুবিধা পাবেন।
বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন ১টি ফ্লাইট পরিচালনা করছে টার্কিশ এয়ারলাইনস। এয়ারলাইনসটির বাংলাদেশের সেলস অ্যান্ড ট্রাফিক অফিসার এজাজ কাদরি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইস্তাম্বুলের ইতিহাস অনন্য। ইস্তাম্বুলে ভ্রমণ হবে অবিস্মরণীয় স্মৃতিময়। ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ভিন্ন রকম মেলবন্ধন রয়েছে তুরস্কে। যাত্রীরা ইস্তাম্বুলে স্টপওভারের সময় সেই শহরের ইতিহাস এবং সাংস্কৃতিক জীবন উপভোগ করতে পারবেন। যাত্রীদের জন্য হোটেল সুবিধাও দেবে টার্কিশ এয়ারলাইনস।’

অনলাইন ডেস্ক